0
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. মাহবুবুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট শহীদুল হুদা অলক।
গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের ভোটগ্রহণ করা হয়। সভাপতি পদে দুই প্রার্থীর ভোটের সমতা থাকায় শনিবার বিকেলে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মো. মাহবুবুল আলম ও দৈনিক ইত্তেফাকের মো. তসলিম উদ্দীন সমান সংখ্যক ভোট পান। ফলে ফলাফল নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। এতে মো. মাহবুবুল আলম নির্বাচিত হন। সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগান্তরের মো. জোবদুল হক। সাধারণ সম্পাদক পদে এনটিভি ও বাংলাদেশ বেতারের শহীদুল হুদা অলক নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক দৈনিক চাঁপাই চিত্র ও বৈশাখী টেলিভিশনের মো. কামাল উদ্দীন।
সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশন ও যায়যায়দিনের ফয়সাল মাহমুদ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন এনটিএন বাংলা ও ইউএনবির নাসিম মাহমুদ। কোষাধ্যক্ষ পদে আলোকিত বাংলাদেশ ও জাগো বাংলার মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কালের কণ্ঠ ও গাজী টেলিভিশনের ইমতিয়ার ফেরদৌস সুইট।
নির্বাহী সদস্যের চারটি পদের বিপরীতে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচিত হন ভোরের কাগজ ও দেশ টিভির আব্দুল মালেক, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, ডেইলি স্টার ও বিডি নিউজের রবিউল হাসান ডলার এবং সমকাল ও একুশে টেলিভিশনের মো. আমিনুল ইসলাম। সদস্য পদে অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদায়ী সভাপতি গোলাম মোস্তফা মন্টু।
চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র আইনজীবী সোলায়মান বিশু নির্বাচন পরিচালনা করেন। 

Post a Comment

 
Top