বহুল প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। আন্তর্জাতিক আঙিনায় টেস্ট ক্রিকেটের ১২তম দল হিসেবে নিজেদের ইতিহাসের প্রথম পাঁচদিনের ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান। সেটাও আবার টেস্ট ক্রিকেটের এক নাম্বার দল ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে। ব্যাঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আফগানদের ঐতিহাসিক টেস্টটি।
ভারতকে নিজের ঘর বাড়িই বানিয়ে ফেলেছে আফগানিস্তান। এখানে যতগুলো ম্যাচ হেরেছে তার চেয়ে বেশি জিতেছে তারা। সীমিত ওভারের ফরমেটে ভারতের মাটিতে ১৮টি ম্যাচ খেলেছে আফগানরা, হেরেছে এর মধ্যে মাত্র ৫টি। সর্বশেষ বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে আসঘর স্ট্যানিকজাইয়ের দল। ভারতের মাঠ তো তাদের হাতের তালুর মতোই চেনা!
এবার এই আফগানদের সামনে যখন খোদ ভারত, দুশ্চিন্তা তো একটু হবারই কথা স্বাগতিকদের। ঘরের মাঠের সুবিধা নিয়ে আফগানদের সঙ্গে খুব বড় পার্থক্য গড়তে পারবে না তারা। টেস্ট র্যাংকিংয়ের এক নাম্বার দল হয়েও তাই কিছুটা অস্বস্তিতে আজিঙ্কা রাহানের দল।
প্রতিপক্ষ একেবারে আনকোরা হলেও স্বভাবতই বেশ সতর্ক থাকবে ভারত। আফগানিস্তান দলে রশিদ খান, মুজিব উর রহমানের মতো তাক লাগানো স্পিনার আছে-শুধু এজন্য নয়। আসন্ন ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে ব্যাঙ্গালুরু টেস্টে পেস সহায়ক উইকেটই প্রস্তুত রাখবে ভারত। সেক্ষেত্রে শক্তিশালী স্পিন আক্রমণ দিয়েও কোহলিবিহীন ভারতকে কাবু করা কঠিনই হবে আফগানদের।
ভারতের সম্ভাব্য একাদশ : মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), করুন নায়ার, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমেদি, রহমত শাহ, আসঘর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাসির জামাল, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, আমির হামজা, ইয়ামিন আহমেদজাই, মুজিব উর রহমান।
Post a Comment